এক।।
রাতের কথা বলি বা আর কাকে
খাটের তলায় রক্ত জমাট বাঁধা
সারাটা দিন ধস্ত থাকার পর
হয় কি আর সেতারে ঝাল সাধা
চাঁদের আলোয় শুকিয়ে গেছে রাত
রক্ত চোষা কে ই বা এসে জোটে
একটি দুটি স্বপ্ন মায়ার খেলায়
অন্ধকারে রোদের কথা ওঠে
রোদ কি তবে সোনা রঙের ফুল
ঘর সাজানোর বৈভব প্রত্যাশী
রাতের তাতে কীই বা আসে যায়
কলঙ্কী চাঁদ রাতের ই বিশ্বাসী
দুই।।
কেউ যদিবা দিনের কথা ভুলে
রাতকে ভাবে আসল কারিগর
সবটুকু প্রেম তাকেই দিতে পারি
আঁতকে উঠুক যতই দিবাকর
রাতই আমার স্বপ্ন বীজের মাটি
ফলন বাড়ায় দো-আবাদি ফসল
দিনের হাটে তারই বেচা কেনা
চিনতে পারে কে-বা আসল নকল
দিনের আলোয় ভাবছ একা তুমি
রাত সেতো কেবল আঁধার ভীতি
জেনো তোমার জানার অনেক বাকি
গাছের পাতাও জানে পূর্ণিমা তিথি
https://author.storyandarticle.in/fazlul-haque/

0 Comments